ঢাকা | | | |

প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শন

ছুটির দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তার পরিস্থিতি দেখেছেন। উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, আজ শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। বিকাল ৬টা ১০ মিনিটের দিকে তার গাড়ি শ্যামলী অতিক্রম করে।

জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেন তিনি চান ঢাকা শহর যেন একটি পরিচ্ছন্ন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত হয়। এই স্বপ্ন পূরণের জন্য তিনি নিজে সরেজমিন পরিদর্শন করে দেখছেন রাস্তার অবস্থা।

প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী সচিব আব্দুর রহমান সানি।

উপ-প্রেস সচিব জানান, বিকাল ৪টার দিকে গুলশানের বাসা থেকে বেরিয়ে তিনি নিজে গাড়ি চালাচ্ছেন।

প্রধানমন্ত্রী শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়া সহ নানা গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেছেন। প্রায় দেড় থেকে আড়াই ঘণ্টা এসব রাস্তার অবস্থা দেখার পরে তিনি গুলশানে ফিরে যান মাগরিবের নামাজের জন্য।