ঢাকা | শুক্রবার | ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে বইমেলার উদ্বোধন

বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধনের ঘোষণা দেন। ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই সাংস্কৃতিক উৎসব শুরু হয় বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন অংশে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া, শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান। এ বছর মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকরা প্রবেশ করতে পারবেন। রাত সাড়ে ৮টার পরে নতুন করে প্রবেশের সুযোগ নেই। এবার মেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বাংলা একাডেমির আঙিনা ৮১টি স্টল ও সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি স্টলসহ মোট ১,০১৮টি ইউনিট বরাদ্দ হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি লিটল ম্যাগাজিনের জন্য আলাদা স্টল রয়েছে। পরিবেশ রক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজনকারীরা ঘোষণা দিয়েছেন, এবারের বইমেলা হবে ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য ফেলে দেওয়ার ভিত্তিতে। মেলা প্রাঙ্গণ পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে এবং স্টল ও মঞ্চে পুনর্ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করতে বলা হয়েছে।