ঢাকা | | | |

কাদের গনি চৌধুরী হয়েছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সংবাদকর্মী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী, অন্যান্য পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে এক বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।প্রজ্ঞাপনে জানানো হয়, জনগণের স্বার্থে জারি করা এই আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। উল্লেখ্য, মুহাম্মদ কাদের গনি চৌধুরী সংবাদ মাধ্যমের অঙ্গনে এক সুপরিচিত নাম। তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রাখেন এবং রাজপথে অগ্রণী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তার পেশাদারিত্ব শুরু হয়। এর পর সময়ের সঙ্গে সঙ্গে তিনি দৈনিক দিনকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক, দৈনিক আমার দেশ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত সংগঠনের নেতৃত্বে তিনি অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয়। বর্তমানে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ফটিকছড়ি উপজেলার বাসিন্দা এবং এককন্যা সন্তানের জনক।