ঢাকা | | | |

একত্রিত জনগণ ও তরুণরাই দেশের পরিবর্তনের মূল চালিকা শক্তি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান ছিল সকল গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলসহ ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টার ফলাফল। তিনি উল্লেখ করেন, এই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও সফলতা কে নষ্ট করার জন্য বিভিন্ন পক্ষের মধ্যে কেবল নিজেরাই কৃতিত্বের দাবি করে প্রতিযোগিতা চলছে, যা দেশের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে। তিনি জোর দিয়ে বলেন, ঐক্যবদ্ধ জনগণ এবং তরুণরাই দেশের যথাযথ পরিবর্তন আনতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণসহ সকল শ্রেণি-পেশার জনগণের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বাংলাদেশ সুগঠিত ও উন্নত একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আজ সোমবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত ‘আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল লতিফ, এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ডিবেট ফোর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার এবং কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান। পরে, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন সাত দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করেন।

এটি দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিতর্কের মাধ্যমে মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি করবে এবং সমাজে সচেতনতা ও ঐক্য বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। আজকের খবর/এমকে