প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশের উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠান রাস্তার ওপর আয়োজিত হওয়ায় নজরে এসেছে এটি কতটা সমস্যা সৃষ্টি করছে, কত মানুষ দুর্ভোগে পড়ছে। এজন্য অনুষ্ঠানের আয়োজন একটু সংক্ষিপ্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আমরা শপথ নিতে চাই সমাজের সবাই যেন একে অপরের সাহায্য ও সহযোগিতা করে চলেন। একজন নাগরিক হিসেবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখে, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আরও শ্রদ্ধার সাথে পালিত হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, চলুন আমরা আজ এই উদ্যোগটি গ্রহণ করি। প্রত্যেকে চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের জন্য কাজ করছে, তাদের পাশে থাকব এবং সাহায্য করব একজন নাগরিক হিসেবে। তিনি উল্লেখ করেন, আজকের এই সংকটপূর্ণ সময়ে বেশি কথা বলার দরকার নেই। মানুষের চলাচল সমস্যা হওয়ায় এ জন্য প্রোগ্রামটি সংক্ষিপ্ত করা হয়েছে। ভবিষ্যতে, সংগঠনের কার্যক্রমের জন্য আরও সভা ও সমাবেশ করে আলোচনা করা হবে এবং কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা হবে।
এমকে, আজকের খবর।









