দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৮ এপ্রিল (মঙ্গলবার)। এই কার্যক্রমের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সফল প্রথম ধাপ শুরু হবে। আশা করা হচ্ছে, এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ হিসাবের গুরুত্বপূর্ণ যোগান দেয়ার পথ সুগম করবে।
রবিবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর পরের বছর, ২০২৭ এর জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। এবং ২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে রূপপুর থেকে ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে।
তবে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সময়ের চাপ থাকার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার উচ্চপদস্থ মন্ত্রীরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিংয়ের মাধ্যমে রূপপুর প্রকল্পের উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলতি বছরের শেষ নাগাদ বা এর শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ শক্তিতে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়ারা) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে, যা ২৮ এপ্রিল থেকে জ্বালানি লোডিংয়ের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রতিভাত হয়।









