ঢাকা | বৃহস্পতিবার | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গণতন্ত্রই বাংলাদেশের মুক্তি ও সমৃদ্ধির মূল চাবিকাঠি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের মুক্তি ও উন্নয়ন শুধুমাত্র গণতন্ত্রের বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্পিকার উল্লেখ করেন, রাজনীতির একজন ইতিবাচক দিক তিনি লক্ষ্য করেছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর স্বৈরশাসনের পর ছাত্র-জনতা, অভিভাবক এবং সাধারণ মানুষ যেভাবে রাজপথে নেমে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে গৌরবময় এক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার হিসেবে মনোনীত হওয়ার পর এটি তাঁর প্রথম সফর। এই সফরে তার উপস্থিতির জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে।

জাতীয় সংসদের স্পিকার কার্যালয় থেকে জানা গেছে, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ তাঁর নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় জনপ্রশাসনের সঙ্গে সমন্বয়ের উদ্দেশ্যে এই সফর পরিচালনা করছেন।

আজকের খবর / এমকে