শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা প্রস্তুত করা হবে। এ ছাড়াও, এসব ভাড়ার তালিকা ডিজিটাল ডিসপ্লে ব্যবস্থার মাধ্যমে গণপরিবহনগুলোতে প্রদর্শন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের নিয়ম রয়েছে। এই কমিটিগুলো সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণক্ষমতা ও চাহিদা অনুযায়ী পরিবহনকারীর সংখ্যা নির্ধারণ করে এবং রুট পারমিট অনুমোদন করে।
এছাড়া, তিনি উল্লেখ করেন, সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে গণপরিবহনের ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণের নিয়ম রয়েছে। পুনর্নির্ধারিত ভাড়া সেটির তালিকা বিআরটিএ নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে এবং বাস, মিনিবাস বা এসি পরিবহনগুলোর দৃশ্যমান স্থানে তা প্রদর্শনের নির্দেশ দেয় মালিক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা বিদ্যমান। খুব দ্রুতই এসি বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার তালিকা তৈরি করা হবে এবং সেটি ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের জন্য সহজে দেখা যায়, তা নিশ্চিত করা হবে।
আজকের খবর/ এমকে









