প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন প্রবীণ এই রাজনীতিবিদ। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতেই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় বর্তমানে সিঙ্গাপুরে স্থানান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে হাসপাতালে যান জামায়াতে ইসলামী এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হাসপাতালের রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস থেকে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
অপরদিকে, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সরকারী মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা হাসপাতালে এসে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। তারা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।









