অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য মোট ৩৭টি বাড়ি বা বাসভবন প্রস্তুত করা হয়েছে। তিনি এসব তথ্য সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপের সময় উল্লেখ করেন।
তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত রেখেছি। এ বাড়িগুলোর অবস্থান মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশানে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার পাশাপাশি প্রস্তুতি চলছে।” তিনি আরও জানান, এই ৩৭ বাড়ির মধ্যে কিছু সেই উপদেষ্টা পরিষদের সদস্যদের জন্য নির্ধারিত, যারা বর্তমানে সেখানে থাকছেন।
প্রধানমন্ত্রীর ভবনের বিষয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বাড়ির বিষয়ে তাঁরা যেভাবে চান, সেই অনুযায়ী হবে। ওনাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করে নতুন সরকার গঠন করছে। নতুন সরকার শপথ নেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে।









