ঢাকা | বৃহস্পতিবার | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার ঘোষণা করবেন ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন, শুক্রবার সকালে দেশের বিভিন্ন এলাকার ভোট গণনা শেষ করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি এ তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জেনারেল সানাউল্লাহ আরও বলেন, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশনের তথ্য ডিজিটালভাবে নথিভুক্ত করা হয়েছে, তবে বেশিরভাগ ভোট ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করা হবে। তিনি উল্লেখ করেন, ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যেসব পোস্টাল ভোট আসবে, শুধুমাত্র সেগুলিই গণনায় নেওয়া হবে।

নির্বাচনের নিরাপত্তা বিষয়ে তিনি জানান, নির্বাচনী এলাকা ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, ভোটকেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত হয়।

এছাড়াও, তিনি জানান, দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন; তবে, প্রার্থী হতে চাইলে কেউ দ্বৈত নাগরিকত্ব সঙ্গে রাখতে পারবেন না। প্রার্থীদের অবশ্যই অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে হবে।

নির্বাচনের তারিখ সম্পর্কে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আজকের খবর / এমকে