ঢাকা | রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নয়াপল্টনে ৮ ফেব্রুয়ারি: তারেক রহমানের সমাপনী নির্বাচনি জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ নির্বাচনি জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে। বিএনপি এই সমাবেশকে তাদের সমাপনী প্রচারণা হিসেবে তুলে ধরছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন। জনসভাটি ওইদিন বেলা ২টায় শুরু হবে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনের ঠিক আগে ঢাকার রাস্তায় এই বৃহৎ সমাবেশের মাধ্যমে বিএনপি তাদের চূড়ান্ত সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে চায়। রিজভী জানান, কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনগুলোর নেতাদেরও বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

বিএনপি এই জনসভাকে কেবল একটি সমাবেশ হিসেবে দেখছে না; দল মনে করছে এটি নির্বাচনের আগের ‘চূড়ান্ত শক্তি প্রদর্শন’, যা নেতা-কর্মীদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবেশ থেকে তারেক রহমানের দিকনির্দেশনা নেতা-কর্মীদের সংগঠিতভাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে বলে দলের প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজকালের খবর/বিএস