ঢাকা | শুক্রবার | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আগামীকাল থেকে মেট্রোরেলে কর্মবিরতি ও সার্ভিস বন্ধের ঘোষণা

স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ঢামেট্রিসিএলের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা-কর্মচারী একত্রে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এ পরিস্থিতিতে সকল ধরনের যাত্রীসেবা বন্ধ থাকবেন।

তাদের অভিযোগ, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিএমটিসিএলের ৯০০ এর বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ফলে, এই দীর্ঘ সময়েও তারা বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। গত ৯ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার দাবি জানানো হলেও, সরকার তা মানেনি। এজন্যই তারা এই কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) ডিএমটিসিএলের একাধিক কর্মকর্তা-কর্মচারী এ তথ্য নিশ্চিত করেন। তারা জানিয়েছেন, ২০২২ সালে মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত।

আরও জানানো হয়, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও, সেটি আদৌ বাস্তবায়িত হয়নি। এর পর ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কর্মচারীরা আন্দোলনে নামলে, কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে আগামী মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্ত করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি, ফলে দীর্ঘসময় ধরে কর্মচারীরা ক্ষোভে ভুগছেন।

অতএব, তারা কর্মবিরতির পাশাপাশি ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করবেন।