প্রধানমন্ত্রী শেখ তারেক রহমান আজ রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে যাচ্ছেন। তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে এই সফরে যাচ্ছেন। তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকালে তিনি সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন।
প্রসঙ্গত, এটি প্রধানমন্ত্রী হিসেবে তার কিশোরগঞ্জের প্রথম সফর। প্রধানমন্ত্রী এই সফরে দেশের মাছের মৌসুমের উন্নয়ন ও মাছের খামার উন্নতির ধারাবাহিকতা তুলে ধরার পাশাপাশি স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পগুলো পরিদর্শন করবেন।
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করবেন। এই বছর এই দিবসের প্রতিপাদ্য হলো, ‘রুপালি মাছের স্বনির্ভর বাংলাদেশ’।
প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী, সকাল ১১:৩০ মিনিটে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়্যারম্যান বাড়ি ঘাটে ব্রক্ষপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্সে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
দুপুর ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর সাড়ে ২টায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
দুপুর ৩:১৫ মিনিটে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজের পর বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হবে। এটি দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ সফর।









