সরকারের মূল অগ্রাধিকার হিসেবে মাদক চোরাচালান, প্রসার রোধ ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন, যে নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করা হবে। ট্রাস্কফোর্স কমিটি এই তালিকা রেডি করে, এর ভিত্তিতে পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আজ রাতে কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক পাচার রুটগুলোতে যৌথ ও স্থানীয় বাহিনীর সমন্বয়ে ক্যাম্প স্থাপন করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সমতল, নদীপথ ও সমুদ্রপথে মাদক চোরা চালান বাড়ছে। এজন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করা হবে। তাছাড়া, টেকনাফ-উখিয়ার জেলেপল্লী ও নৌযানের নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে, যাতে মাদক চোরা চালানকারীদের চিহ্নিত করা সহজ হয়।
প্রস্তাব দেওয়া হয়েছে, টেকনাফের পাহাড়ে অপহরণ রোধে দুইটি নতুন ক্যাম্প স্থাপন করা হবে, এর জন্য সেনাবাহিনীর সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, সংসদ সদস্যরা, জেলা পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা, বিজিবি, র্যাব ও অন্যান্য উর্ধ্বতন ব্যক্তিরা।
এছাড়াও, স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সকাল ১০টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করবেন। এরপর বেলা ১১টায় ‘ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’ উদ্বোধন করবেন। পরে, কক্সবাজার মেডিকেল কলেজের হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিনব্যাপী এ কর্মসূচি শেষে রাতের দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।









