সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১২ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি দেশপ্রেমিক ক্ষণজন্মা এক নেতার পরিচিতি লাভ করেছিলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে তুলতে, সংসদীয় সংস্কৃতি বিকাশে এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তার অবদান বাংলাদেশের ইতিহাসে গভীর প্রেরণার ঝংকার। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ছিলেন। তারেক রহমান আরও বলেন, দীর্ঘ সময়ের দলের সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ে তিনি কখনো আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়নের মাঝেও নিবেদিতপ্রাণ, প্রজ্ঞাবান এবং দৃঢ়চেতা থাকেন তিনি, যা গণতন্ত্র ও দেশের জন্য অনুপ্রেরণা। বিশেষ করে গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসিকতা ও নেতৃত্ব গণতন্ত্র ফেরানোর সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিক হারাল। তার আদর্শ, সততা ও কর্মময় জীবন প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস দানের জন্য প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।









