স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের উন্নয়ন পরিকল্পনায় অবশ্যই অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং পল্লীকেন্দ্রিক হতে হবে। তিনি মন্তব্য করেন, শহর এগিয়ে গেলেও যদি গ্রামের মানুষ পিছিয়ে থাকে, তাহলে সারা দেশের সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। শনিবার রাজধানীর সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস পালনের আয়োজন করা হয়।









