ঢাকা | | | |

স্বরাষ্ট্রমন্ত্রীর ২৩ জুন সতর্ক থাকার নির্দেশ

আগামী ২৩ জুন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই গুরুত্বপূর্ণ নির্দেশনা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে গণ্য করে না; বরং এটি একটি ‘মাফিয়া দল’ হিসেবে বিবেচিত। দলের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই পরিস্থিতিতে, তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ পর্যবেক্ষণ এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া, মোহাম্মদপুরের অবস্থা নিয়ে কথা বলদেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, দীর্ঘ সময় এই এলাকাটি অপরাধীদের জন্য অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। তবে সরকারের কঠোর অবস্থানের কারণে এখন সেখানে অপরাধপ্রবণতা কমে এসেছে। দ্রুতই এই এলাকায় সব ধরনের অপরাধ দমন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ড আগের যেকোনো সরকারের চেয়ে বেশি সক্রিয় এবং গতিশীল। এর ফলে সাধারণ জনগণের মধ্যেও সরকারের কার্যক্রমের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে তিনি জানান, ইন্টারপোলের তৎপরতার কারণে তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার ফিরিয়ে আনার জন্য সব প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করা যায়, খুব দ্রুত তিনি দেশে ফিরবে।

পুলিশ বাহিনীর মনোবল পুনরুদ্ধারেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। বলেন, একসময় অনেকের মধ্যে ধারণা ছিল যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমানে তারা দায়বদ্ধতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে, যার ফলে সাধারণ জনগণের আস্থা আবার ফিরে এসেছে। এই কাজের স্বীকৃতি হিসেবে আজই তাদের পুরস্কৃত করা হচ্ছে।