ঢাকা | বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় খাল খননের কর্মসূচি শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আশুলিয়ায় খাল পুনঃখননের কাজে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নোয়াদ্দা ব্রিজের উত্তর পাশে, মোহনপুর মৌজা থেকে দিয়াবাড়ি মৌজা পর্যন্ত এই খাল পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

তিনি এসময় বলেন, খাল দখলকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। যদি কেউ খাল দখল করে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তা সে যে দলেরই হোক না কেন। সরকারের জন্য কোন বাধা বা প্রতিবন্ধকতা আসলেও খাল খননের এই প্রকল্প অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

তাঁর আগে তিনি গোকুলনগর এলাকায় একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন। পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম পরিচালিত এই অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন। দীর্ঘ দিন পর হলেও খাল পুনঃখননের এই উদ্যোগের ফলে স্থানীয়রা খুবই সন্তুষ্ট এবং আশাবাদী হয়েছেন।