রাষ্ট্রীয় সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যশোরে পৌঁছেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। এ খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। উনি আরও জানিয়েছেন, জনাব তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সকাল সোয়া ১০টায় যশোরে পৌঁছেছেন, এরপর তিনি সরাসরি যাবেন সার্কিট হাউজে। সেখানে তিনি উলসী খাল পুনঃখননসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করবেন। এর আগে, তিনি সকাল সাড়ে ৯টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। আগামী দিনের কর্মসূচির মধ্যে রয়েছে উলসী খাল খনন প্রকল্পের উদ্বোধন, সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক জনসভায় যোগদান। আতিকুর রহমান রুমন আরও জানান, যশোরের অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় প্রধানমন্ত্রী আকাশ পথে ঢাকায় ফিরবেন।









