ঢাকা | রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

জনগণের কথা ভেবে তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশের বাজারে তেলের দাম খুব কম পরিমাণে বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার (১৯ এপ্রিল) তিনি এই কথা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন। মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে অস্থির পরিস্থিতির কারণে ইতিমধ্যে সরকারের উপর দুই বিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত অর্থব্যয় হয়েছে জ্বালানি আমদানিতে। তিনি আরো বলেন, যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যা ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ। এই দাম বৃদ্ধির ফলে দেশের অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। তবে, সরকার মানুষের কষ্ট কমানোর জন্য এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এই দামের ছোটখাটো বৃদ্ধি করেছেন। ইকবাল হাসান বলেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের ভোগান্তি কমানোর জন্য তারা এই বাড়তি খরচ নিজে বহন করছে এবং খুব সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে। উল্লেখ্য, আজ রবিবার (১৯ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন প্রান্তে নতুন দামে জ্বালানি বিক্রি শুরু হয়েছে। নতুন নির্ধারিত দামে পেট্রোলের মূল্য লিটারপ্রতি ১৯ টাকা ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এই নতুন দামে এখন অটেনের দাম ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকা। কেরোসিনের দামও বৃদ্ধি পেয়ে এখন লিটারপ্রতি ১৩০ টাকা। গত শনিবার (১৮ এপ্রিল) রাতে পুনঃনির্ধারিত দামের আগে ভোক্তা পর্যায়ে অকটেনের মূল্য ছিল ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, কেরোসিন ১১২ টাকা ও ডিজেল ১০০ টাকা।