ঢাকা | বুধবার | ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন দুই ধাপ পিছিয়ে ৯৫তম হয়েছে। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম। এই নতুন র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন থেকে আগাম ভিসা ছাড়াই ৩৬টি দেশে ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিং এই তথ্য প্রকাশ করেছে।

তালিকা অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজভিসা সুবিধা যেসব দেশ রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এছাড়াও রয়েছে- নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা রয়েছে, অর্থাৎ বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা নেওয়া যায়। আবার কিছু দেশের ক্ষেত্রে আগে থেকেই ই-ভিসা গ্রহণ করতে হয়।

নতুন তালিকায়ও সিঁজাগপুর শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

সূচক অনুযায়ী, তৃতীয় স্থান পেয়েছে সুইডেন। চতুর্থ স্থানেই রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

অপরদিকে, পঞ্চম স্থান হিসেবে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।