ঢাকা | বুধবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ইসি সচিবের ঘোষণা: আসনে পৌঁছেছে ২৯৯টি ব‍্যালট পেপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এই তথ্য প্রকাশ করেন। জানানো হয়, ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তবে এখনও শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা তৈরি সম্ভব হয়নি। তবুও তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করতে এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনেও কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এ সময় ইসি সচিব সবাইকে অপপ্রচার ও অপতথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ফোন ব্যবহারে নিয়ম আরোপের জন্য কিছু সময়ের জন্য নীতিমালা জারি করা হয়েছিল, যা এখন প্রত্যাহার করা হবে। এর পাশাপাশি আইন সংশোধন করে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হচ্ছে। ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা কিছুটা সময় সাপেক্ষ হলেও, কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করবেন না বলে আশ্বাস দেন তিনি।