ঢাকা | শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোনারগাঁওয়ে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

সোনারগাঁওয়ের পাচানী এলাকায় বুধবার বিকেল সাড়ে চারটার দিকে দুইজনকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা গেছে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা হামিদ আলীর গ্রুপ ও কুরবানপুর এলাকার রাসেল দলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের এক পর্যায়ে হামিদের সমর্থক মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল ইসলাম জিয়া পিস্তল বের করে স্থানীয়দের সামনে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এলাকাবাসী বলেন, ঘটনাস্থলে গুলির শব্দে মানুষ ভয়ে ছুটে বের হয় এবং আশপাশের দোকান-ঘর বন্ধ করে দেয়। শিশুসহ অনেকেই দারুণ অস্বস্তি ও উদ্বেগ প্রকাশ করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ বলেন, এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি, তবে ভিডিওটি সম্পর্কে আমরা খোঁজ-খবর নিচ্ছি এবং ঘটনাটি তদন্ত করা হবে।

স্থানীয়রা পরিস্থিতি শান্ত রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার জন্য প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে।

রিপোর্ট: আজকালের খবর/ এমকে