সরকারি কর্মকর্তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হলেও, তাদের বেশ কিছু ধরনের আয়ের ওপর কর দিতে হবে না। এ তথ্য জানা গেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের কর নির্দেশিকা থেকে। এই নির্দেশিকা অনুযায়ী, নিম্নলিখিত ৪২ ধরনের আয় করমুক্ত রাখা হয়েছে: চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক অড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউয়েন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউয়েন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউয়েন্স, ক্লিনার অ্যালাউয়েন্স, ড্রাইভার অ্যালাউয়েন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউয়েন্স, পিবিএক্স অ্যালাউয়েন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউয়েন্স, নার্সিং অ্যালাউয়েন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউয়েন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউয়েন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা। তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয়ের মধ্যে গণ্য হবে এবং ওই আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।
অন্যদিকে, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ২০২৫-২৬ কর বছরের জন্য ৪ আগস্ট থেকে অনলাইনে ই-রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ১০ দিনে, এখন পর্যন্ত ৯৬,৯৪৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। এতে বোঝা যাচ্ছে, করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলে আগ্রহ বাড়ছে এবং সেবা আরও সহজ হয়ে উঠছে।









