ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এই অভিনন্দন জানান।
মোদি বার্তায় বলেন, এই নির্বাচনী ফল বাংলাদেশের জনগণের মাঝে তারেক রহমানের প্রতি গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও মজবুত হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি অর্জনে দুপক্ষ একসাথে কাজ করবে।
ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দনপত্রে আরও বলা হয়েছে, ভারত সবসময় গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। মোদি দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন প্রসারিত হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে, এই সম্পর্ক আগামীতে নতুন উচ্চতায় পৌঁছাবে।
মোদি বিশ্বাস করেন যে, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগোবে। তিনি নতুন সরকারের সঙ্গে জীবনমান উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
নির্বাচনের ফল বেসরকারিভাবে স্পষ্ট হওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে এসেছে এই অভিনন্দন বার্তাকে বিএনপির নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ কূটনীতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তাতে দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও বগুড়ার আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর দ্রুত অভিনন্দন বার্তা ঢাকাও দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তাদের পর্যবেক্ষণে, এই সম্পর্কের ফলে বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়নের অংশীদারিত্ব আরও গতিশীল হবে।
তারেক রহমানও ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এবং প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মোদির অভিনন্দন বার্তাটি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা হয়, যা দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ যোগিয়েছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় ভারত এটিকে গণতান্ত্রিকভাবে ফিরে আসার বড় একটি সাফল্য হিসেবে দেখছে।
আজকালের খবর/ এমকে









