ঢাকা | মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা করবে বিইআরসি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–র নতুন মূল্য সম্পর্কে সিদ্ধান্ত আজ সোমবার বিকেলে জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন এ সংক্রান্ত আদেশ বিকেল ৩টায় রমনাস্থ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলার কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে।

বিইআরসি রবিবার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় কী হবে, সে সম্পর্কিত কমিশনের আদেশ আজ ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এলপিজির দরসংক্রান্ত ওই আদেশ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.berc.org.bd)–এ প্রকাশ করা হবে। তাই চাহিদাপত্র কিংবা সিদ্ধান্তের বিস্তারিত জানতে কমিশনের ওয়েবসাইট দেখা যেতে পারে।

এর আগে গত জানুয়ারি মাসে দেশে এলপিজির দাম বাড়ানো হয়েছিল। ৪ জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয় ৫৯ টাকা ৮০ পয়সা।

আজকার ঘোষণায় দাম বাড়বে নাকি কমবে—এর সিদ্ধান্ত কি হবে, তা বিকেল ৩টায় হওয়া সংবাদ সম্মেলনে স্পষ্ট হবে।

সূত্র: বিইআরসি বিজ্ঞপ্তি, আজকালের খবর/এমকে