ঢাকা | বুধবার | ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে কেন্দ্র করে চলমান কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, দম্পতি তদন্ত কমিটির সামনে উপস্থিত হবেন।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল যখন রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস হোয়াস কমিটি দুজনকেই আইনি তলব অমান্যের অভিযোগে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণা করার বিষয়ে ভোটাভুটির কথা ভাবছিল। গত মাসের শেষের দিকে হাউস ওভারসাইট কমিটি ক্লিনটন দম্পতিকে অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছিল; প্রস্তাবটি কিছু ডেমোক্র্যাটের সমর্থনও পেয়েছিল।

কমিটির চেয়ারম্যান জেমস কোমার তখন বলেছিলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে ‘আইনের ঊর্ধ্বে কেউ নেই’। কমিটির পক্ষ থেকে বলা হয়, ক্লিনটন দম্পতির আইনজীবীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করা হলেও তারা বারবার সময়ক্ষেপণ করেছেন।

বিচার বিভাগের প্রকাশ করা নথিতে বিল ক্লিনটনের কয়েকটি ছবি দেখানো হয়; ওই ছবিগুলোতে তাঁকে এপস্টেইনের সঙ্গে এবং তার একাধিক সম্পত্তিতে দেখা যায়—একটিতে সুইমিং পুলে এবং আরেকটিতে হট টাবজাতীয় স্থানে। ক্লিনটনের মুখপাত্র জানিয়েছেন, ছবিগুলো অনেক পুরনো এবং এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার আগেই ক্লিনটন তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

এদিকে ক্লিনটন দম্পতির আইনজীবীরা তদন্ত কমিটির তলবকে ‘কার্যকরযোগ্য নয়’ বলে অভিহিত করে বলেছেন, এপস্টেইন সংক্রান্ত তাদের কাছে থাকা সীমিত তথ্য ইতোমধ্যে কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এই ধরনের তলব রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করার কৌশল ছাড়া কিছু নয়। তারা আরও বলেন, তারা সদিচ্ছার ভিত্তিতে সাক্ষ্য দেবার জন্য প্রস্তুত।

সোমবার সন্ধ্যায় ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে নিশ্চিত করে বলেছেন, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন এবং তারা আশা করেন যে এই প্রক্রিয়াটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য এমন একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

এপস্টেইনের নির্যাতনের শিকার কেউ কখনোই বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ তোলেনি বলে রিপোর্টগুলোতে বলা হয়েছে; ক্লিনটন বরাবরই এপস্টেইনের অপরাধ সম্পর্কে জানতেন এমন অভিযোগ অস্বীকার করে এসেছেন।

সূত্র: আজকালের খবর / এমকে